ব্রিটিশ বিরোধী আন্দোলনে, এক নির্ভীক ক্ষণজন্মা বিপ্লবী অগ্নিশিশু ছিলেন ক্ষুদিরাম বসু।
কেন ভয় করিব, আমি কি গীতা পড়ি নাই ? ব্রিটিশ বিরোধী আন্দোলনে, এক নির্ভীক ক্ষণজন্মা বিপ্লবী অগ্নিশিশু ছিলেন ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম বসু ১৮৮৯ সালের ৩রা ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত মেদিনীপুর জেলা শহরের কাছাকাছি কেশপুর থানার অন্তর্গত মোহবনী (মৌরনি) গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ত্রৈলক্যনাথ বসু ছিলেন নাড়াজোল শহরের আয় এজেন্ট। তাঁর মায়ের নাম লক্ষ্মীপ্রিয়া দেবী। তিন কন্যার পর তিনি তাঁর মায়ের চতুর্থ সন্তান। তাঁর মায়ের দুই পুত্র আগেই মৃত্যুবরণ করেন। অপর পুত্রের মৃত্যুর আশঙ্কায় তিনি তখনকার সমাজের নিয়ম অনুযায়ী পুত্রকে তাঁর বড় বোনের কাছে তিনমুঠি খুদের (শস্যের খুদ) বিনিময়ে বিক্রি করে দেন। খুদের বিনিময়ে ক্রয়কৃত বলে শিশুটির নাম পরবর্তীকালে ক্ষুদিরাম রাখা হয়। খুব অল্প বয়সেই ক্ষুদিরাম বসু তাঁর মাতাপিতাকে হারিয়ে পরবর্তিতে তার বড় বোনের কাছেই লালিত পালিত হন।